মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে এসেছে।
রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। কারণ, সম্ভাব্য একটি সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।
তিনি আরও দাবি করেন, আলোচনায় থাকা চুক্তির অন্যতম শর্ত হলো হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখা। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির স্থায়ী সমাধানের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকায় তিনি সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে আলোচনায় অগ্রগতি না হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বলেও ইঙ্গিত দেন।
ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য বা সম্ভাব্য চুক্তির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই ঘোষণা নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।