যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তিকে সামনে রেখে সোমবার পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণার পর এবার কূটনৈতিক সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার পথ তৈরি হয়েছে এবং আনুষ্ঠানিক আলোচনা সোমবার থেকেই শুরু হতে পারে।
ট্রাম্পের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার—এই তিন মধ্যস্থতাকারী দেশের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান বাতিল করা হয়েছে। তাঁর ভাষ্য, দেশগুলো যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছিল।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে বিভিন্ন দেশ সক্রিয় ভূমিকা পালন করছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারী প্রতিনিধিরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর সম্ভাব্য এই আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আলোচনার ফলাফল এবং সম্ভাব্য চুক্তির শর্ত সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।