পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে অবৈধ তদবিরের অভিযোগে মোংলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত মধ্যরাতে মোংলা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্তকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কামরুজ্জামান টুকু (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় কামরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি লেখা একটি সিল এবং স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। এসব ব্যবহার করে বিভিন্ন স্থানে তদবির করা হতো বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। একই মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে নাম ও পদবিসংবলিত সিল এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজও চলছে।
পুলিশ বলছে, প্রতিমন্ত্রীর পরিচয় ও সরকারি পদবি ব্যবহার করে কোনো ধরনের তদবির বা প্রতারণার ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।