বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার (২৬)। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, উচ্ছ্বাস কর্মকার তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে একাই থাকতেন। কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে মেসের অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় পুলিশ উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনাস্থলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া সম্ভব হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।