চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে তথ্য জানতে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ কারণে অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে হত্যা মামলায় গ্রেপ্তার মিঠু ওরফে ধামা ইলিয়াছকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের সহযোগী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।