কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় তৎকালীন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেনা কাস্টডিতে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৭ জুলাই) রাতে আইএসপিআরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, বরিশাল অফিসার্স মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, মিফতাহ উদ্দিন আহমেদ বর্তমানে সেনা হেফাজতে আছেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক। ওই ঘটনার পর থেকেই এটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়।
একরামুল হক হত্যার ঘটনায় পরবর্তী সময়ে বিভিন্ন মহল থেকে বিচার ও তদন্তের দাবি ওঠে। তার পরিবার অভিযোগ করে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল, মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
একরামুল হক হত্যার সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় ছিলেন।
আইএসপিআর জানিয়েছে, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।