ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) ইরাকের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়।
বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক বাহিনী ইরাকে ইরানের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথভাবে হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের সেনা এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত এসব গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে আইআরজিসি ও তাদের সহযোগী সংগঠনগুলোকে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সেন্টকম আরও সতর্ক করে বলেছে, যদি এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে, তাহলে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর আগে পরিচালিত হামলাগুলো সফল হয়েছে এবং প্রতিপক্ষের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ হামলা নিয়ে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরাকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ অভিযান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে।