চট্টগ্রামের হাটহাজারীতে এক ইটভাটা মালিকের চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে তাঁর একাধিক ইটভাটা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, এস এম শহীদুল্লাহ নগরের ব্যবসায়িক কাজ শেষে নিজের এসইউভি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িটি থামানোর চেষ্টা করে।
পরে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
হামলায় গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ী শহীদুল্লাহ অক্ষত রয়েছেন। তিনি অভিযোগ করেন, এর আগেও তাঁকে কয়েকবার হামলার শিকার হতে হয়েছে।
এস এম শহীদুল্লাহ বলেন, তাঁর ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা তাকে টার্গেট করছে। এর আগে তাঁর বাড়িঘরেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, চলন্ত গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।