জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করা হয় এবং তাঁর উপস্থিতিতে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম আদালতে বলেন, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে তানভীর ইমামের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তানভীর ইমামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত পুলিশ আবেদন মঞ্জুর করে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে থাকা অবস্থায় তাঁকে গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ভ্যানচালক আবদুল জব্বার হাওলাদার গুলিবিদ্ধ হন।
অভিযোগে বলা হয়, আন্দোলনকারীদের ওপর হামলার সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালায়। ওই ঘটনায় গুলিবিদ্ধ জব্বার আলী পরবর্তীতে ২০২৪ সালের ১১ ডিসেম্বর গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে এ মামলায় যুক্ত করেছে পুলিশ।