লক্ষ্মীপুরে একটি বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। রুবেল ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে প্রাণ হারান।
ঘটনার আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে রুবেল গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ওই সময় অটোরিকশায় যাত্রী ছিলেন। ড্রামট্রাকের চাপায় তার হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত রাজধানীতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে জেলা ছাত্রদল শোক প্রকাশ করেছে। রুবেলের ভাই ও সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মামলার লিখিত অভিযোগ এ পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।