রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-২।
রোববার (৫ জুলাই) র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারওয়ান বাজার এলাকা থেকে মহরমকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা, চোরাইমাল গ্রহণ এবং মাদক সংক্রান্ত অন্তত ছয়টি মামলা রয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় একটি মাদক মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি ওয়ারেন্ট রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।