জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম জানান, অভিযানে ওই কার্যালয় থেকে দুটি দেশীয় পাইপগান, ৯ মিলিমিটার পিস্তলের চার রাউন্ড গুলি, শর্টগানের চার রাউন্ড গুলি, ছয়টি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবের মধ্যে রাখা এসব সামগ্রী উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযান পরিচালনার সময় গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তাদের সামনে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া তিনি জামালপুর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রীর বিষয়ে বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।