মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। সোমবার সরকারি ছাপাখানা থেকে ছাপানো পেপারবুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেপারবুক প্রস্তুত হওয়ায় আলোচিত এই মামলার শুনানি শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হতে পারে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিচারিক আদালতের রায় হাইকোর্টে অনুমোদন করা বাধ্যতামূলক। এ প্রক্রিয়াই ডেথ রেফারেন্স নামে পরিচিত।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। সেই বিশেষ বেঞ্চে শিশু রামিসা ও আছিয়ার মতো চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হবে।
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গত বছরের ১৭ মে রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলার বাকি তিন আসামিকে খালাস দেন আদালত।
এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার সব নথি ২০২৫ সালের ২১ মে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। পরে তা ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত করা হয়।
আইন অনুযায়ী, কোনও ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি দণ্ডিত আসামি নির্ধারিত সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন। আসামির পক্ষে বিবিধ আবেদন করার সুযোগও থাকে।
পেপারবুক হাইকোর্টে পৌঁছানোয় মামলাটি এখন শুনানির জন্য প্রস্তুত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ বেঞ্চ গঠনের পর ডেথ রেফারেন্স ও আসামির আপিল একসঙ্গে শুনানি হতে পারে।