রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান নামে এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। তার বয়স ৪৫ বছর। সোমবার বিকালে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এসআই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, জীবন রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পুলিশে যোগদানের প্রায় ২০ বছর পর তিনি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। কেন এত বছর পর প্রশিক্ষণ নিচ্ছিলেন, এ বিষয়ে চারঘাট থানার ওসি আব্দুল মালেক বলেন, কোনও কারণে তিনি নির্ধারিত সময়ে প্রশিক্ষণ নিতে পারেননি। তাই এবার প্রশিক্ষণে অংশ নেন।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনও কর্মকর্তা বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পুলিশ সুপার প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চারঘাট থানায় সম্পন্ন হবে। চারঘাট থানার ওসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।