নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রুবেল ও আমির নামে দুইজনকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে রুবেল বাম পায়ে এবং আমির ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আদাবর থানার পরিদর্শক অপারেশন অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার পর ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে আদাবর থানা-পুলিশ।
অভিযানের একপর্যায়ে পুলিশ ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় যায়। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেছে পুলিশ। হামলায় আদাবর থানার ওসি এবং এক উপপরিদর্শক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এতে রুবেল ও আমির গুলিবিদ্ধ হন।
রাতে রাজধানীর শ্যামলীতে তেজগাঁও ডিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের ঘটনায় মোট ছয়জন জড়িত ছিল। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান চলছে।
কমিশনার আরও বলেন, ছিনতাই হওয়া তিন লাখ টাকা এখনও উদ্ধার করা যায়নি। তবে পলাতক দুজনকে গ্রেফতার করা গেলে টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, পুলিশের বার্তা পরিষ্কার। চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী ও যেকোনও অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। আহত পুলিশ সদস্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় উদ্ধার আলামত যাচাই করা হচ্ছে। পলাতকদের গ্রেফতারে আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।