হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।
ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর।
এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা।
একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
পরে হবিগঞ্জ এলাকায় এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে দলটির পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।