ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ স্নাতক প্রোগ্রাম বিষয়ে এক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের শিক্ষার্থীরা বাংলা শোনা, বলা, পড়া এবং লেখার দক্ষতা কার্যকরভাবে উন্নয়নে ঢাবির সঙ্গে সহযোগিতা করবে।
চুক্তির আওতায় ইউনান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে এক সেমিস্টার শিক্ষার্থীদের ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে পাঠানো হবে। ঢাবি প্রাতিষ্ঠানিক মূল্যায়ন, পরীক্ষা পরিচালনা এবং সাফল্যসমাপ্ত শিক্ষার্থীদের সমাপনী সনদপত্র প্রদান করবে। উভয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের বাংলা ভাষার শিক্ষাদান ও প্রশিক্ষণে পরস্পরকে সহায়তা করবে।
উপাচার্য ড. ওবায়দুল ইসলাম চীনের ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে অংশগ্রহণের সময় বলেন, “শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক গড়ে উঠেছে। শিক্ষা আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে। এটি কেবল জ্ঞান স্থানান্তর নয়, বরং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার বিষয়।”
তিনি আরও বলেন, “‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচি শিক্ষার্থী ও শিক্ষকদের একসঙ্গে শেখার, মতবিনিময় এবং বিকাশের পথ তৈরি করে। এই যৌথ প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক সহযোগিতা মূল্যায়নের সক্ষমতা বৃদ্ধি করবে।”
এ সময় উপাচার্য ঢাবি এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশগ্রহণ করেন। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষা ও সাংস্কৃতিক দক্ষতায় দক্ষ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রোগ্রামের মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে, যা আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার জন্য শক্ত ভিত্তি তৈরি করবে।