নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাকেই নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ইসলামী ব্যাংকে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়াই এখন গুরুত্বপূর্ণ কাজ। নিয়মিত পরিচালনাগত কাজ ছাড়া অন্য কোনও বড় সিদ্ধান্ত তিনি নেবেন না বলেও জানান। তার ভাষ্য, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।
চেয়ারম্যান নিয়োগ নিয়ে অস্থিরতার মধ্যে রবিবার রাতে ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্কুলারে ইসলামী ব্যাংকে জহির হোসেনের আনুষ্ঠানিক পরিচয় কী হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জহির হোসেন বলেন, তাকে চেয়ারম্যান বলা যেতে পারে। কারণ এটি এক সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ। সেই হিসেবে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, তাকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই ব্যাংকের প্রয়োজনীয় পরিচালনাগত কাজগুলো তিনি অগ্রাধিকার ভিত্তিতে করবেন।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টাকা উত্তোলন, পর্ষদ পরিবর্তন এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে ব্যাংকটির স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জহির হোসেনের বক্তব্য অনুযায়ী, এখন মূল লক্ষ্য হলো গ্রাহকদের আস্থা পুনর্গঠন, স্বাভাবিক কার্যক্রম চালু রাখা এবং ব্যাংকের পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিত করা।