নিজস্ব প্রতিবেদক
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে রাজধানী থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। গ্রেফতাররা হলেন মাঞ্জুর প্রধানিয়া, মো. ওসমান গনি ও কাজী মো. আতা-ই-রাব্বি।
সিআইডির মানব পাচার মনিটরিং সেলের একটি দল রবিবার বিকাল ৪টার দিকে উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত সুরাহ ট্রাভেলস অ্যান্ড ট্রেডারসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস থেকে ৫৫টি বাংলাদেশি পাসপোর্ট, বিদেশগমন সংক্রান্ত ১৬টি চুক্তিনামা, দুটি সিপিইউ ও একটি ডিভিআর জব্দ করা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, জর্ডানের আম্মানে অবস্থিত জেরাশ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম, লোগো ও সিলমোহর জাল করে প্রতিষ্ঠানটি শ্রমিক ভিসায় চাকরির প্রলোভন দেখাত। এরপর আগ্রহীদের কাছ থেকে জনপ্রতি দুই লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো।
জেরাশ গার্মেন্টস কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অভিযোগ দেওয়ার পর বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায়। পরে সিআইডির মানব পাচার মনিটরিং সেল অনুসন্ধান শুরু করে।
তদন্তে আরও জানা যায়, সুরাহ ট্রাভেলস অ্যান্ড ট্রেডারস একটি ট্রাভেল এজেন্সি হলেও তাদের বৈধ রিক্রুটিং লাইসেন্স নেই। তবু প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে জর্ডান, সৌদি আরব, সার্বিয়া ও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিজ্ঞাপন দিচ্ছিল।
জব্দ করা পাসপোর্টগুলোর মধ্যে ১৮টি জর্ডান এবং বাকিগুলো সৌদি আরবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তিন গ্রেফতারসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
নাগরিকদের সিআইডির কর্মকর্তারা বলছেন, বৈধ অনুমোদন ছাড়া বিদেশে কর্মসংস্থানের নামে পাসপোর্ট সংগ্রহ করা গুরুতর অপরাধ। এ ধরনের চক্র সাধারণ মানুষের বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষাকে ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়। অনেক সময় ভুক্তভোগীরা জমি বিক্রি, ঋণ বা ধার করে টাকা দেন। পরে ভিসা, চাকরি কিংবা যাত্রার কোনো নিশ্চয়তা না পেয়ে বিপদে পড়েন। তাই বিদেশে কাজের জন্য টাকা দেওয়ার আগে রিক্রুটিং লাইসেন্স, অনুমোদন ও নিয়োগপত্র যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা প্রবাসী কল্যাণ দপ্তরে অভিযোগ করতে বলা হয়েছে।