মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক গ্যাংস্টার নীতিশ কৌশলকে গ্রেপ্তার করেছে। কানাডা সীমান্তের ভার্মন্ট এলাকা থেকে তাকে শনিবার (১৬ জুলাই) আটক করা হয়। দীর্ঘদিন ধরে কৌশল নানা কৌশলে এফবিআইয়ের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
নীতিশ কৌশল লরেন্স বিষ্ণোই গ্যাংসহ ভারতের বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। এই চক্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, অর্থ ও মানবপাচারের মতো অপরাধ করত। আন্তর্জাতিকভাবে এ চক্র দমন করতে ‘অপারেশন হার্ড বল’ নামে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫০টির বেশি স্থানে একযোগে রেইড এবং ভারত-ভিত্তিক গ্যাংগুলোর ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
নথি অনুযায়ী, কৌশল ‘জগ্গু ভগবানপুরিয়া অর্গানাইজড ক্রাইম গ্রুপ’-এর সদস্য। অভিযানের সময় তিনি নিজেকে অন্য পরিচয়ে উপস্থাপন করছিলেন, মোবাইল ফোন ফেলে দিচ্ছিলেন এবং অন্যের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছিলেন। তবে আঙুলের ছাপ বিশ্লেষণ এবং ট্যাটুর মিলের মাধ্যমে তার আসল পরিচয় নিশ্চিত করা হয়।
প্রসিকিউটররা জানান, কৌশলের নেতৃত্বাধীন গ্যাংস্টাররা ২০২৪ সালের জুলাইয়ে এক ব্যক্তিকে আটক করে মারধর ও মুক্তিপণের দাবিতে আটকে রাখে। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন এবং মেথামফেটামিন পাচারের বড় নেটওয়ার্ক চালাত। দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে পূর্বাঞ্চল পর্যন্ত একশ কেজি বা তার বেশি ওজনের মাদক পাঠানো হত।
নীতিশ কৌশলের বিরুদ্ধে ২০২২ সালে অ্যারিজোনায় অবৈধভাবে প্রবেশ, ২০২৩ সালে হত্যার চেষ্টা ও অস্ত্র আইনের অপরাধে অভিযোগ আনা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৬ সালে তার বিরুদ্ধে মাদকের একটি মামলা ছিল।
এফবিআই, কানাডা ও ইউরোপের যৌথ অভিযানের মাধ্যমে কৌশলসহ গ্যাংস্টারের অপরাধী নেটওয়ার্কে বড় ধরনের ধ্বস ঘটানো সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে মামলা প্রস্তুত এবং গ্রেপ্তার হওয়া অপরাধীকে বিচারের জন্য আদালতে হাজির করা হবে।
এই অভিযান আন্তর্জাতিক পর্যায়ে অপরাধী চক্র দমন এবং সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।