ছয় দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার দিকে হামলা শুরু হয়। এরপর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম এই অভিযানকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন বাহিনী জানিয়েছে, হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপে অন্তত তিনটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পর সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটির কিছু এলাকা। এ ছাড়া বন্দর আব্বাস, কিশ, আবু মুসা দ্বীপ, খুজেস্তান প্রদেশের আবাদান এবং ফার্স প্রদেশের কাজেরুন শহরেও হামলা চালানো হয়।
এবারের হামলায় বুশেহর প্রদেশও আবার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার দাবি করা হয়।
এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানা গেছে। এরপরই বুধবার রাতে ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।