সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা সম্পাদিত (এডিট করা) পোস্টের ভিত্তিতে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, রাষ্ট্রের নিজস্ব যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রয়েছে এবং কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের মতামতের ওপর ভিত্তি করে রাষ্ট্র সরাসরি সিদ্ধান্ত নেয় না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, অপমানজনক ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা হবে।
সম্প্রতি এক কলেজশিক্ষার্থীকে আটক করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে সাইবার টিম বা সংঘবদ্ধ গোষ্ঠী অন্যের আইডি ব্যবহার করে ভুয়া পোস্ট তৈরি ও প্রচার করে। তবে শুধুমাত্র কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, রাষ্ট্রের নিজস্ব যাচাই প্রক্রিয়া রয়েছে।
তিনি আরও বলেন, যদি তদন্তে প্রমাণ হয় কোনো পোস্ট বা স্ক্রিনশট সম্পাদিত বা ভুয়া, তাহলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র কারও প্রতি অন্যায় করবে না এবং নিরপরাধ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করবে।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণাকেও সহ্য করবে না। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হোন বা সাধারণ নাগরিক—সবাই সমান অধিকারভুক্ত।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন ও মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি চলছে। তবে এসব বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি দায়িত্বশীল ও নিরাপদ তথ্যপরিবেশ নিশ্চিত করা, যেখানে গুজব, ভুয়া প্রচারণা ও অনলাইন হয়রানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।