নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের একটি বাসায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি বাসার ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে তার গাড়িচালক ও দেহরক্ষীর সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের কিছুটা অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো ধরনের বলপ্রয়োগ করতে হয়নি।
রাতভর অবস্থান ও অভিযানের পর বুধবার ভোরে বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় নাভানা গ্রুপের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।