দেশের চলমান পরিস্থিতিতে ইসলামবিরোধী বিভিন্ন তৎপরতা, ধর্মীয় মূল্যবোধে আঘাত এবং মুসলিম সমাজের উদ্বেগের বিষয়গুলো সামনে রেখে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় শুরু হবে এ মহাসমাবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানান, ইসলামবিরোধী কার্যক্রমের প্রতিবাদ, হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে জনসচেতনতা ও জনমত গড়ে তোলাই এ মহাসমাবেশের অন্যতম উদ্দেশ্য।
সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা খলিল আহমদ কুরাইশী, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আরশাদ রহমানী, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি শামসুদ্দিন জিয়া (পটিয়া), আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেমরা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী, ড. উবায়দুল্লাহ হামজা, ড. কাজী ইব্রাহিম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুরহানী, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ আরও অনেক আলেমের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার ওলামায়ে কেরামরাও এ সমাবেশে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি নিশ্চিত করতে প্রচারণা চালানো হচ্ছে।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করবেন।