গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দালালের মাধ্যমে সরকারি কাজ করানো এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, সেবাগ্রহীতাদের হয়রানি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান।
পরিদর্শনের সময় কর্মকর্তারা দেখতে পান, ভূমি অফিসের সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন ও দালালের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হচ্ছেন বলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জেলা প্রশাসক জানান, দায়িত্বশীলদের কাছে বিভিন্ন নথিপত্র ও কাজের ব্যাখ্যা চাওয়া হলেও তাঁরা যথাযথ উত্তর দিতে পারেননি। এমনকি নামজারির সফটওয়্যার ও সংশ্লিষ্ট কাগজপত্রও দেখাতে পারেননি।
নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসের কর্মীরা নিয়ম মেনে কাজ করছেন না। তাঁদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। যাচাইয়ের পর অভিযোগের সত্যতা পাওয়ায় সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ভূমি অফিসেও যান। সেখানে কর্মরতদের সেবা প্রদান ও দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।