দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। বাকি জেলাগুলোও ধাপে ধাপে রেল সংযোগের আওতায় আনা হবে বলে তিনি জানান।
শুক্রবার রাতে নেত্রকোণা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশন পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
তিনি বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। রেলপথে যাত্রীসেবা উন্নত করতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেন সার্ভিসে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের ভোগান্তি আরও কমবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে অকেজো ইঞ্জিন মেরামত করে ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এসব সরঞ্জাম সংগ্রহ করতে সময় লাগে, তাই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে।
নেত্রকোণা অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, এখানকার রেলসেবা উন্নয়নের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। স্থানীয় চাহিদা ও অর্থনৈতিক সুবিধা বিবেচনায় নিয়ে নতুন রেললাইন নির্মাণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন কোনো প্রকল্প গ্রহণ না করা যা জনস্বার্থে কার্যকর নয় বা অর্থের অপচয় ঘটায়। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রেলসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও সহজলভ্য করা। দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা গেলে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় তাঁর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।