প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। দুই দেশের পারস্পরিক স্বার্থ, সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি সহযোগিতা এবং উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।