দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমস্যা থাকবেই, তবে সেই সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়গুলো জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল। কিন্তু পরিকল্পনা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা উন্নতির শিখরে পৌঁছেছে। বাংলাদেশকেও একইভাবে এগিয়ে যেতে হবে।সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। এসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশও দেন তিনি।
এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক ল্যাবরেটরির অভাব, মাঠ পর্যায়ে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং প্রভাবশালী ব্যক্তি বা সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির মতো বিষয় রয়েছে। তারা মোবাইল কোর্টের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও জানান।
প্রধানমন্ত্রী তাদের সমস্যাগুলো ধৈর্যসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।এই কমিটিতে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি থাকবেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোর দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় জনসচেতনতার গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি গুলশান লেকের উদাহরণ দিয়ে বলেন, দেশের অনেক লেক আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক বিষয় হলো, অনেক সময় শিক্ষিত মানুষরাই এসব কাজ করেন। শুধু সরকারের উদ্যোগে পরিবর্তন সম্ভব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, দেশকে পরিবর্তনের জন্য সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন ও দায়িত্বশীল হলে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে।সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।