সিলেট সফরে এসে নগরীর ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শনের পাশাপাশি বিখ্যাত সাত রঙের চায়ের স্বাদ নেন।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত নগরীর ক্বীন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি ও চাঁদনীঘাট এলাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এসব স্থাপনার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেন।
পরে তিনি সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগর ভবনে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিসিক প্রশাসক ফুল দিয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে সিলেট নগরীর উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও নগর উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা ও বিশেষ চা উপহার হিসেবে রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়। পরে সাত রঙের চায়ের কারিগর তার জন্য বিশেষভাবে প্রস্তুত করেন জনপ্রিয় এই চা। রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী এ পানীয়ের স্বাদ গ্রহণ করেন।
এদিন দুপুরে ক্বীন ব্রিজ ও আলী আমজাদের ঘড়িঘর এলাকায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি মিউজিক্যাল পারফরম্যান্সের আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূত শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও পৃথক বৈঠক করেন।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিসিকের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূতের এই সফর সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।