বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।

আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক পাচার রোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর নগর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ বাহিনীর দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সফরের ধারাবাহিকতায় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা সীমান্ত নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৪ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এর ফলে দুই দেশের জনগণের যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের বিভিন্ন সমস্যার বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্রের অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা দেশটির কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এর ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

নগর নিরাপত্তায় পাকিস্তানের ‘সেফ সিটি’ উদ্যোগের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশটির বিভিন্ন শহরে বাস্তবায়িত এই মডেল বাংলাদেশের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

তিনি জানান, বাংলাদেশের কর্মকর্তারা ইতোমধ্যে পাকিস্তানের বিভিন্ন শহরের সেফ সিটি কার্যক্রম পরিদর্শন করেছেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে নগর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে পাকিস্তানের কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। সালাহউদ্দিন আহমদ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সফরের আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন