জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সারজিস আলম বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনার মতো একক ক্ষমতাকেন্দ্রিক শাসক হতে দেওয়া হবে না। তিনি বলেন, কোনো দলের নেতা ভালো হলেই পুরো দলকে ভালো ধরে নেওয়ার মানসিকতা থেকে জনগণকে বেরিয়ে আসতে হবে।
বুধবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অতীতে একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে দলের প্রধানকে ভালো দেখানো হতো এবং দলের অন্যদের কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়া হতো। আগামী দিনে এমন পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া যাবে না। তিনি বলেন, কোনো দলের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসা, সিন্ডিকেট বা সাধারণ মানুষের ওপর জুলুমের সঙ্গে জড়িত হন, তাহলে এর দায় সংশ্লিষ্ট নেতৃত্বকেও নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, সরকারপ্রধান হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জনগণের উদ্দেশে সারজিস আলম বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে দল বা প্রতীকের প্রতি অন্ধ আনুগত্য নয়, বরং প্রার্থীর যোগ্যতা, সততা ও জনকল্যাণের বিষয় বিবেচনা করা উচিত। তিনি বলেন, জনগণের বিবেক বিক্রি বা বন্ধক না রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বক্তব্য দেন সারজিস। তিনি বলেন, পুলিশসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে নিজেদের সম্মান ফিরিয়ে আনতে হবে। কোনো রাজনৈতিক দল যেন নিজেদের স্বার্থে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে দলটির নেতারা কালিহাতী ও ভূঞাপুর এলাকায় পদযাত্রা ও পথসভা করেন।