চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ উদ্যোগের আওতায় শুক্রবার থেকে সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
আইএসপিআর জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আটকে পড়া মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ পদাতিক ডিভিশন ইতিমধ্যে দুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।
বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী সাধারণ মানুষের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।