ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ৮০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও ডিএমসি’র সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। একটি চারা অর্জুন এবং অন্যটি নিম। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারওয়ার হোসেন চৌধুরী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মাণাধীন দুটি ছাত্রীনিবাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সুবিধা, হোস্টেল পরিচালনা এবং শিক্ষামূলক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
ডিএমসি ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে কলেজের দীর্ঘ ইতিহাস এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকারের প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শিক্ষামূলক পরিবেশ, হোস্টেল সুবিধা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে, যা শিক্ষার্থীদের উজ্জীবিত এবং প্রেরণাদায়ক প্রমাণিত হয়েছে।