প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন দাবিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।
সফরসূচি অনুযায়ী, সকালেই প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে। দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের সংসদ সদস্যরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সভায় নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল, প্রচার কর্মসূচি ও গণসংযোগ অব্যাহত রেখেছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল ও প্রচার কর্মসূচি হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত।
রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করছেন, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরের রাজনৈতিক ও উন্নয়নমূলক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত মেগা প্রকল্পগুলো নিয়ে সুস্পষ্ট ঘোষণা বা পরিকল্পনা এলে, তা অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।