যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। নতুন সরকারের কূটনৈতিক অবস্থান, আঞ্চলিক সম্পর্ক ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই তার এ সফর।
তিন দিনের এই সফরে সার্জিও গোর বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও কৌশলগত অবস্থান সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি চীনের সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আজ সন্ধ্যায় বিশেষ দূত সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
ঢাকা সফরে সার্জিও গোর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের শেষ দিনে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কেও তিনি খোঁজ নেবেন।