তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কোনো কার্যক্রম সরকার সমর্থন করে না।
বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা বা হয়রানিমূলক সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্তের ক্ষমতা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির পরিবর্তন, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার বিকাশ, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপন নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।
পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রেও প্রচলিত আইন ও নীতিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তথ্যমন্ত্রী। মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রেখে একটি আধুনিক নীতিগত কাঠামো তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে।
সংসদে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ৮৪টি শিল্পনগরীতে ৬ হাজার ৩৫৮টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যেখানে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।